খড়ের পালা দেওয়া নিয়ে ভাতিজার সঙ্গে বিবাদ, চাচা খুন



পারিবারিক জমিতে খড়ের পালা দেওয়া নিয়ে ভাতিজার সঙ্গে বিবাদের জেরে ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা নুরেন বক্স (৫০)। আজ সোমবার দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলার মসিন্দা ইউনিয়নের বামন কোলা গ্রামে এ ঘটনা ঘটে।


গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল রাজ্জাক বলেন, গুরুতর আহত অবস্থায় নুরেন বক্সকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আহত চারজনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নুরেন বক্সের ভাতিজা সোহাগ (২৫) ও তাঁর বাবা জাহা বক্সকে (৪০) পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্চিতা সরকার জানান, নুরেন বক্সের (নিহত) পিঠে ধারালো অস্ত্রের বড় ক্ষতসহ শরীরজুড়ে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। তাঁর কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে আশঙ্কায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অন্যদের অবস্থা সংকটাপন্ন নয়। 

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, পারিবারিক একটি জমিতে খড়ের পালা দিয়েছিলেন ভাতিজা সোহাগ। বেশ কয়েক দিন ধরে ওই পালা সরানোর জন্য বলে আসছিলেন নুরেন বক্স। সোমবার দুপুরে এ নিয়ে তাঁদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ভাতিজা সোহাগ দেশি অস্ত্র দিয়ে চাচা নুরেন বক্সকে এলোপাতাড়ি আঘাত করেন। তাঁকে উদ্ধারে এগিয়ে আসেন তাঁর দুই শ্যালক আবদুল মিয়া (৪৫) ও হাসেম আলী। একপর্যায়ে তাঁদেরও দেশি অস্ত্র দিয়ে আঘাত করা হয়। প্রতিপক্ষের পাল্টা আঘাতে জাহা বক্স (৪০) ও তাঁর ছেলে সোহাগও আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


ওসি মো. আবদুল রাজ্জাক সোমবার সন্ধ্যায় জানান, এ ঘটনায় থানায় এখনো অভিযোগ দেওয়া হয়নি। তবে নুরেন বক্সের মৃত্যুর পর হাসপাতালে চিকিৎসাধীন জাহা বক্স ও তাঁর ছেলে সোহাগকে আটক দেখিয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা হলে তাঁদের গ্রেপ্তার দেখানো হবে।

Post a Comment

Previous Post Next Post