মেসির রেকর্ডের দিনে বার্সার হোঁচট

 


লা লিগায় আবারও পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। এবার ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কাতালানরা। ক্লাবের হয়ে লিওনেল মেসির আরও একটা রেকর্ডের পরও হোঁচট খেয়েছে জায়ান্টরা।

বার্সেলোনায় চাইলেও আর প্রাণ খুলে হাসতে পারেন না লিওনেল মেসি। যে ক্লাবের মাঠ নিজ বাড়ির উঠোনের মতো, তার ঘাসেই যেনো অপরিচিত গন্ধ। সঙ্গ দিতে ব্যর্থ গ্রিজম্যানরাও।

ডিফেন্সও ছিলো নড়বড়ে। গোলপোস্টে ব্যস্ত সময় কেটেছে স্টেইগেনের। ২৯ মিনিটে আর পারেননি, সেট পিস থেকে গোল হজম করে বার্সা।

প্রতিপক্ষের ডি-বক্সে পুরনো ম্যাজিক ট্রিকগুলোই নিখুঁতভাবে করতে সংগ্রাম করতে হচ্ছে আর্জেন্টাইন তারকাকে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথমার্ধে পাওয়া পেনাল্টিটাও মিস করেছেন। তবে, ফিরতি শটে মাথা ছুঁইয়ে গোল আদায় করে নিয়েছেন। আর এতেই হয়ে গেছেন দারুণ এক রেকর্ডের মালিক। বার্সেলোনার হয়ে ৬৪৩ গোল করে এক ক্লাবের হয়ে পেলের গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন এলএমটেন। সান্তোসের হয়ে একই কীর্তি গড়েছিলেন পেলে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরাউজোর দারুণ গোলে লিড পায় কাতালানরা। তবে, পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার আশা ভঙ্গ হয় ৬৯ মিনিটে। গোমেজের গোলে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া।

Post a Comment

নবীনতর পূর্বতন