সাতক্ষীরায় সড়কে মোটরসাইকেলের ২ আরোহী নিহত, আহত ১

 


সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তারা তিনজন একটি মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। বুধবার (১৬ ডিসেম্বর) রাত ৯টায় সাতক্ষীরা শহর থেকে ৬ কিলোমিটার দূরে সদর উপজেলার বিনেরপোতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ গ্রামের নিরজ্ঞন মল্লিকের ছেলে তাপস মল্লিক (২৪) ও খুলনা জেলার পাইকগাছা থানার রাড়ুলী কাটিপাড়া গ্রামের সূর্য দেবনাথের ছেলে মিলন দেবনাথ (২৩)। আহত হয়েছেন উৎপল সেনের ছেলে সুব্রত সেন(২৩)। তারা সাতক্ষীরা শহরের অর্পন জুয়েলার্র্সের কারিগর হিসেবে কাজ করেন।

স্থানীয়রা জানান, তিনজন একত্রে মোটর সাইকেলযোগে সাতক্ষীরাস্থ জুয়েলার্সের দোকান থেকে তাদের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। এসময় খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি পিকআপ বিনেরপোতা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাপস মল্লিক ও মিলন দেবনাথ নিহত হয়। আহত সুব্রত সেনকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপটিকে আটক করা সম্ভব হয়নি। আহতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Post a Comment

أحدث أقدم