বঙ্গবন্ধু টি–টোয়েন্টি থেকে বিদায় বরিশালের

 ফরচুন বরিশালের আফিফ হোসেন চোখ রাঙানি দিচ্ছিলেন। ৩৪ বলে ৫৫ রান করে বেক্সিমকো ঢাকার দেওয়া ১৫১ রান তাড়া করার ইঙ্গিত তখন আফিফের ব্যাটে। ১৯ বলে ৪৫ রান তখন নিরাপদ মনে হচ্ছিল না। ঢাকার তরুণ বাঁহাতি পেসার শফিকুর ইসলামকে ১৭তম ওভারের শেষ বলে আফিফ স্কুপ করার চেষ্টা করেন।


টাইমিংয়ে গড়বড় হওয়ায় বল যায় বাতাসে। শর্ট থার্ডম্যানে নাসুম আহমেদ দাঁড়িয়ে ছিলেন। তাঁর জন্য ক্যাচটি সহজ হওয়ার কথা। কিন্তু উইকেটকিপার মুশফিকুর রহিম দৌড়ে এসে নাসুমের নিশ্চিত ক্যাচ নিজেই ধরলেন। এরপর উদযাপন না করে উল্টো নাসুমকে কিছু কড়া কথা শুনিয়ে দিলেন। হাত নেড়ে মারার ভঙ্গিও করলেন।


বরিশালের বিপক্ষে শেষ পর্যন্ত ৯ রানে জেতে মুশফিকের ঢাকা। জেতার পরও মুশফিকের মুখে হাসি দেখা গেল না। পুরো ইনিংসের মতো ম্যাচ শেষেও চোয়ালশক্ত অভিব্যক্তি মুশফিকের। বরিশাল দলের ক্রিকেটারদের শরীরী ভাষায় তখন হতাশা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তামিম ইকবালদের যাত্রাটা এখানেই শেষ হলো।


ফাইনালে যেতে আর একটি বাধা পার হতে হবে ঢাকাকে।

ফাইনালে যেতে আর একটি বাধা পার হতে হবে ঢাকাকে।ছবি: প্রথম আলো

বিজ্ঞাপন

ওদিকে ফাইনালে যেতে হলে ঢাকাকে আরেক ধাপ পার করতে হবে। আজ রাতে প্রথম কোয়ালিফায়ার খেলবে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। এই ম্যাচের জয়ীরা সরাসরি ফাইনাল খেলবে। পরাজিত দল কাল খেলবে ঢাকার বিপক্ষে, দ্বিতীয় কোয়ালিফায়ারে।


ঢাকার গল্পটা বদলে দিতে পারতেন বরিশালের ব্যাটসম্যান আফিফ। মন্থর উইকেটে ১৫১ রান তাড়া করতে গিয়ে যেখানে বরিশালের বাকি ব্যাটসম্যানরা রানই পাচ্ছিলেন না, সেখানে আফিফ খেলেছেন অবিশ্বাস্য ইনিংস। তাঁর ৩৫ বলে ৫৫ রানের ইনিংস বাদ দিলে বরিশালের ইনিংসে কিছুই থাকে না। ১৫৭.১৪ স্ট্রাইক রেটের ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কার মার। আফিফ আউট হলে যেন পাহাড়ের উঁচু থেকে হেলে পড়ে বরিশালের ব্যাটিং। শেষ পর্যন্ত লক্ষ্য থেকে ৯ রান দূরে থেকে ইনিংস থামে বরিশালের।


ঢাকার হয়ে আফিফের মতোই ইনিংস খেলেছেন আরেক তরুণ ইয়াসির আলী। ২২ রানে ৩ উইকেট হারানোর পর মুশফিকের জন্য জুটি গড়েন ইয়াসির। শুরুতে মুশফিক ছিলেন আগ্রাসী মেজাজে। শুরুর ধাক্কার পর ঢাকার রানরেট বাড়ান মুশফিকই। কামরুল হাসান এসে মুশফিককে আউট করেন ৪৩ রানে। এরপর ইয়াসির একা টানেন ঢাকার ইনিংস। আকবর ৯ বলে ২১ রান যোগ করে শেষে কিছুটা যোগ করেন। এ ছাড়া ঢাকাকে ১৫০ রানে নেওয়ার কৃতিত্ব ইয়াসিরের ৪৩ বলে ৫৪ রানের ইনিংসের।

Post a Comment

নবীনতর পূর্বতন