সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও যৌতুক মামলা করায় গৃহবধূর মাথার চুল কেটে দিয়েছেন স্বামীর ভাই ও স্বজনরা। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অনন্ত গোলাম আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, অনন্ত গোলাম আলীপুর গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ের সাথে ৪ বছর আগে পার্শ্ববর্তী সুবিদপুর গ্রামের আশিদ উল্লার ছেলে মাসুক মিয়ার বিয়ে হয়। প্রায় দেড় মাস আগে যৌতুকের দাবিতে নির্যাতন করায় গত ৩ ডিসেম্বর সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেন গৃহবধূ।
আদালত মামলাটি আমলে নিয়ে মাসুক মিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
পরে জগন্নাথপুর থানা পুলিশ গত সোমবার মাসুক মিয়াকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে পাঠালে আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠান। এরই জের ধরে শুক্রবার রাতে মাসুক মিয়ার আপন চাচা ও ভাইসহ ৫ থেকে ৭ জন মিলে গৃহবধূর বাবার বাড়িতে হামলা চালিয়ে তার মাথার চুল কাটাসহ মারপিট ও ভাঙচুর করেন।
পরে ওই গৃহবধূ থানায় গিয়ে ঘটনাটি জানালে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দেবর শামছু মিয়াকে (৩০) গ্রেফতার করে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাৎক্ষণিক একজনকে গ্রেফতার করে শনিবার (১৯ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে। তবে তদন্ত কার্যক্রম এবং বাকী আসামিদের গ্রেফতার অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন