নেত্রকোনায় জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় কালাচান নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন সন্ধ্যায় মারা যান তিনি। এ ঘটনায় নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার মদন ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের সামনের হাওরে আইন বিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে কালাচানসহ আহত সুজন, নূর মিয়া, আবুল কালাম, হেলাল, জিকুল মিয়া, আশিক, আক্কাসের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকী আহত ১৮ জনকে মদন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে মদন দক্ষিণ পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের পক্ষের লোকজনের সাথে একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রহিছ মিয়ার পক্ষের লোকজনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের পক্ষের মানিক মেম্বারের আইন বিলের ১ একর ৪৫ শতাংশ জমিতে চারদিন আগে বোরো ধান রোপণ করেন। এ সংবাদের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে রহিছ মিয়ার পক্ষের লোকজন উত্তেজিত হওয়ার খবরে মদন থানার পুলিশ সকাল থেকেই রোপণকৃত জমির পাশে অবস্থান নেয়।
পরে দুপুরে রহিছ মিয়া পক্ষের শতাধিক লোকজন ধারালো অস্ত্র নিয়ে রোপণকৃত জমি নষ্ট করে তাদের দখলে নিতে চেষ্টা করে। এতে মানিক মেম্বারের লোকজন বাধা দেওয়ায় পুলিশের সামনেই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
মদন থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, মঙ্গলবার দক্ষিণ পাড়া গ্রামের সামনে দুপক্ষের সংঘর্ষ ঘটায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment