বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের দেওয়া বিষে পুকুরের মাছ নিধন করা হয়েছে। এ মাছের দাম প্রায় লাখ টাকার কাছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) উপজেলার গাড়ফা গ্রামে এ ঘটনা ঘটে।
পুকুরের মালিক অলিয়ার রহমান শেখ বলেন, স্থানীয় টিপু বিশ্বাসের কাছ থেকে মৎস্য ঘের লিজ নিয়েছিলাম। এতে বিভিন্ন দেশীয় মাছের পোনা ছাড়া হয়। করোনা পরিস্থিতির মধ্যে বিষ দিয়ে মাছ নিধনের ফলে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি।
তিনি আরও বলেন, পার্শ্ববর্তী এলাকার পিয়াল ও পিয়াস গত ১০ ডিসেম্বর আমার ঘেরে জোরপূর্বক মাছ ধরলে আমরা বাধা দেই। তখন আমাদের জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় আমরা থানায় জিডি করি। ধারণা করছি তারা পরিকল্পিতভাবে ঘেরে বিষ প্রয়োগ করেছে।
তবে এ ব্যাপারে জানতে পিয়াল ও পিয়াসের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, মাছ মরার বিষয়টি শুনেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন