ভোলায় স্বেচ্ছাসেবক দলের সভায় সংঘর্ষ, আহত ১৫

 


ভোলায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ১৫ জন। শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মহাজনপট্টি জেলা বিএনপি অফিসের পেছনের চত্বরে কর্মীসভার আয়োজন করে চরফ্যাশন ও মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দল। এতে কেন্দ্রীয় ও বরিশাল বিভাগীয় নেতারা আসেন। তাদের উপস্থিতিতেই বিকেল ৫টায় সভার শুরুতে ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম ও কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থকদের মধ্যে স্লোগান দেওয়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এসময় দুই গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হয়। ভাঙচুর করা হয় সভার জন্য আনা চেয়ার-টেবিল। সভা সাময়িক বন্ধ রাখা হয়। এসময় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার পরই ভাঙচুর করা চেয়ার-টেবিল সরিয়ে ফেলা হয়েছে। এদিকে মাগরিবের পরে জেলা বিএনপি কার্যালয়ে বন্ধ হয়ে যাওয়া সভা পুনরায় শুরু হয়।

তবে সংঘর্ষ ও ভাঙচুরের বিষয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন জানান, তার নিকটাত্মীয় মারা যাওয়ায় তিনি দলীয় কার্যালয়ে যাননি। এমন কোনো খবর তার জানা নাই।

ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে। মামলা হলে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। 

Post a Comment

নবীনতর পূর্বতন